পেকুয়ায় জমি বিরোধে বৃদ্ধনারী সহ ৩ জন আহত
কৃষক লীগের সাবেক সভাপতির নেতৃত্বে হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
মোঃ আবদুল্লাহ (আল্-মামুন) কক্সবাজারের পেকুয়ায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ষাটোর্ধ্ব এক নারীসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি রশিদ আহমদ ওরফে ভেট্টার নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পক্ষের দাবি, দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক তাঁদের ওপর হামলা চালায়। তবে অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে পেকুয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বকসু চৌকিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই এলাকার মৃত আহমদ মিয়া চৌধুরীর মেয়ে শাহেদা খানম নাসরিন (৬৪), মৃত আনোয়ার আজিম চৌধুরীর ছেলে জামাল উদ্দিন (৫৫) ও মো. এনাম (৩২)।
ভুক্তভোগীদের অভিযোগঃ ভুক্তভোগী পক্ষের অভিযোগ, শাহেদা খানম নাসরিনের মালিকানাধীন জমিতে কামলা দিয়ে চাষাবাদ করার সময় উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি রশিদ আহমদ ওরফে ভেট্টার নেতৃত্বে জালিয়াখালী এলাকার ফজু মিয়া, তাঁর ছেলে মো. জাহেদসহ ১০ থেকে ১৫ জন সেখানে উপস্থিত হন।
অভিযোগ অনুযায়ী, ওই সময় তাঁদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ছিল। একপর্যায়ে চাষাবাদে বাধা দেওয়ার পাশাপাশি তাঁরা হামলা চালালে শাহেদা খানম নাসরিন, জামাল উদ্দিন ও মো. এনাম আহত হন।
আহতদের দাবি, জমির মালিকানা ও চাষাবাদ নিয়ে অন্যায় ভাবে বিরোধ তৈরি করে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে।
অভিযুক্তদের বক্তব্য হামলার অভিযোগের বিষয়ে রশিদ আহমদ ওরফে ভেট্টা, ফজু মিয়া ও মো. জাহেদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।
তদন্তের দাবিঃ স্থানীয়রা বলছেন, জমি নিয়ে বিরোধ থাকলে তা আইনগতভাবে নিষ্পত্তির সুযোগ রয়েছে। এ ধরনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ বা হামলার ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ঘটনার প্রকৃত কারণ, জমির মালিকানা-সংক্রান্ত বিরোধ এবং হামলায় কারা জড়িত ছিলেন, এসব বিষয় নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ বা মামলা করা হয়েছে কি না এবং পুলিশ এ বিষয়ে কোনো তদন্ত শুরু করেছে কি না, তা নিশ্চিত হওয়া গেলে প্রতিবেদনে পরবর্তী তথ্য যুক্ত করা হবে।
মতামত