ফরিদুল আলম রনি রামো প্রতিনিধি
কক্সবাজারের রামু উপজেলার ১১টি ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছেন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক—এমন দাবি করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তার দায়িত্ব গ্রহণের পর থেকে মাদক, হত্যা, অপহরণ, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড তুলনামূলকভাবে কমেছে বলে স্থানীয়দের অভিমত।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, ওসি এ কে ফজলুল হক দায়িত্ব নেওয়ার পর রামু থানার পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। নিয়মিত অভিযান ও পুলিশি নজরদারি জোরদার হওয়ায় অনেক অপরাধী গা-ঢাকা দিয়েছে বলেও স্থানীয়রা দাবি করেন। কেউ কেউ অপরাধমূলক কর্মকাণ্ড ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তারা।
স্থানীয় সচেতন মহলের মতে, পুলিশের কৌশলগত ও সক্রিয় ভূমিকার কারণে অপরাধীদের নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে রামু থানার পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তারা মনে করছেন।
সাধারণ জনগণের অভিযোগ ও মতামত অনুযায়ী, বর্তমান ওসি দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই রামু উপজেলার সার্বিক পরিস্থিতিতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পুলিশি তৎপরতা জোরদার থাকায় অতীতের তুলনায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কমে এসেছে বলে দাবি করেন তারা।
স্থানীয়রা জানান, ওসি এ কে ফজলুল হক দায়িত্ব গ্রহণের পর চোর, ডাকাত, মাদক কারবারি, মাদকসেবী, ইভটিজিং ও নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন এলাকা থেকে চোর, ডাকাত, মাদক কারবারি ও মাদকসেবীদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।
এ ছাড়া, তদন্ত ছাড়া কোনো মামলা রেকর্ড না করা এবং নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা আগের তুলনায় বেড়েছে বলে স্থানীয়রা দাবি করেন। এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে রামু উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওসি এ কে ফজলুল হক এবং থানার পুলিশ সদস্যদের প্রশংসা করেছেন।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক বলেন, “জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। রামু থানাকে সব ধরনের অপরাধমুক্ত করে একটি আদর্শ থানা হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেছি। এ ধারা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “আমি দায়িত্ব গ্রহণের পর থেকে থানায় কোনো ধরনের দালাল ও তদবিরকারীর স্থান নেই। থানার বিলবোর্ডে দালালদের একটি তালিকাও টাঙিয়ে দেওয়া হয়েছে। এ কাজকে বাধাগ্রস্ত করতে কিছু তদবিরকারী আমার বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। তবে এসবের তোয়াক্কা না করে থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে কাজ করে যাচ্ছি।”
রামু উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
মতামত