কেন্দুয়ায় ড্রেন নির্মাণে বাধার অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে ভবন নির্মাণের অভিযোগ
শহীদুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার পশ্চিম শান্তিবাগ মহল্লায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও রাস্তার পাশে স্থায়ী পাকা স্থাপনা নির্মাণের কারণে কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইকবাল মাস্টারের বিরুদ্ধে পৌর বিধি না মেনে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।জলাবদ্ধতা নিরসনে দ্রুত ড্রেন নির্মাণ, বিধিবহির্ভূত স্থাপনা অপসারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার (১৭ আগস্ট) কেন্দুয়া পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর কাছে লিখিত অভিযোগ দেন পশ্চিম শান্তিবাগের বাসিন্দারা।
অভিযোগে বলা হয়, সামান্য বৃষ্টি হলেই মহল্লার বিভিন্ন সড়ক ও বাসাবাড়ির সামনে পানি জমে যায়। বর্ষাকালে দীর্ঘ সময় পানি জমে থাকায় স্থানীয়দের দুর্ভোগ বাড়ে। একই সঙ্গে ময়লা-আবর্জনা ও নোংরা পানি জমে পরিবেশ দূষণের পাশাপাশি পানিবাহিত রোগের ঝুঁকিও তৈরি হচ্ছে।
স্থানীয়দের দাবি, পরিস্থিতি বিবেচনায় পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও রাস্তার পাশে প্রয়োজনীয় জায়গা না থাকায় কাজ এগোচ্ছে না। কয়েকটি স্থানে স্থায়ী পাকা স্থাপনা নির্মাণ করায় ড্রেন নির্মাণ ও ভবিষ্যতে সড়ক সম্প্রসারণও বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।লিখিত অভিযোগে শিক্ষক ইকবাল মাস্টারের বিরুদ্ধে পৌরসভার নিয়মনীতি অনুসরণ না করে ভবন নির্মাণের অভিযোগ করা হয়েছে। স্থানীয়দের দাবি, এর আগেও একই বিষয়ে অভিযোগ উঠলে তৎকালীন ইউএনও মো. রিফাতুল ইসলাম নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করেছিলেন।অভিযোগকারীদের দাবি, জরিমানা দেওয়ার পরও পুনরায় ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
তবে ভবন নির্মাণ সংক্রান্ত অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক ইকবাল মাস্টার।
কেন্দুয়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী রাজু আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার পর নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও একই বিষয়ে অভিযোগ হয়েছিল এবং তখন ইকবাল মাস্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল।কেন্দুয়া পৌরসভার পৌর প্রশাসক ও ইউএনও সানজিদা চৌধুরী বলেন, স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত পশ্চিম শান্তিবাগ এলাকা পরিদর্শন করে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ এবং পৌর বিধিবহির্ভূত স্থাপনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মতামত