বালিয়াকান্দির বাবর আলী মল্লিকের সংগ্রামী জীবন।অনলাইনের যুগে হারিয়ে যাচ্ছে পত্রিকার ফেরিওয়ালা
আক্কাস আলী খান, রাজবাড়ী প্রতিনিধিঃ একসময় ভোরের আলো ফোটার আগেই হাতে পত্রিকার বান্ডিল নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যেতেন তিনি। দরজায় কড়া নাড়লেই পরিচিত কণ্ঠ ভেসে আসত "পত্রিকা।" সেই পরিচিত মুখটি আজও আছে, কিন্তু বদলে গেছে সময়। অনলাইনের দাপটে কমেছে ছাপা পত্রিকার পাঠক, আর সেই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের দরিদ্র পত্রিকা বিক্রেতা মোঃ বাবর আলী মল্লিকের জীবনে।
দীর্ঘ বহু বছর ধরে স্থানীয় দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকা বিক্রি করেই তিনি সংসার চালিয়ে আসছেন। কিন্তু এখন অধিকাংশ মানুষ মোবাইল ফোনেই সংবাদ পড়ে। ফলে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ঘুরেও আগের মতো পত্রিকা বিক্রি হয় না। সংসারের খরচ মেটানো দিন দিন কঠিন হয়ে উঠছে।
জানা গেছে, জীবিকার তাগিদে প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার পথ হেঁটে বিভিন্ন এলাকায় পত্রিকা বিক্রি করেন বাবর আলী মল্লিক। বয়সের ভার ও শারীরিক কষ্ট উপেক্ষা করেও তিনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন শুধুমাত্র পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য।
স্থানীয় কয়েকজন পত্রিকা পাঠক জানান, একসময় প্রতিদিন সকালে বাবর আলী মল্লিক তাদের বাড়ির দরজায় পত্রিকা পৌঁছে দিতেন। এখনও তিনি নিয়মিত পত্রিকা নিয়ে আসেন, কিন্তু ক্রেতা অনেক কমে গেছে। অনলাইনে তাৎক্ষণিক সংবাদ পাওয়ার কারণে ছাপা পত্রিকার চাহিদা আগের তুলনায় অনেকাংশে হ্রাস পেয়েছে।এলাকাবাসীর মতে, সমাজে অনেক বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তি রয়েছেন। তাঁদের সম্মিলিত উদ্যোগে বাবর আলী মল্লিকের জন্য একটি ছোট্ট দোকানের ব্যবস্থা করা গেলে তিনি সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারবেন। এতে বয়সের এই সময়ে আর কাঁধে পত্রিকার বোঝা নিয়ে গ্রাম থেকে গ্রাম ঘুরে বেড়াতে হবে না।
বাবর আলী মল্লিক বলেন, "আমি সারা জীবন পরিশ্রম করে সংসার চালিয়েছি। এখন পত্রিকা বিক্রি আগের মতো হয় না। যদি কেউ আমাকে একটি ছোট্ট দোকান করে দিতে সাহায্য করেন, তাহলে পরিবার নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারব।"
সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্বই নয়, এটি সামাজিক মূল্যবোধেরও প্রতিফলন। বাবর আলী মল্লিকের মতো একজন সংগ্রামী মানুষের পাশে যদি সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিরা এগিয়ে আসেন, তবে সেটি হবে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
পত্রিকা বিক্রেতা বাবর আলী মল্লিক বলেন, "আমি দীর্ঘদিন ধরে স্থানীয় দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকা বিক্রি করে স্ত্রী-সন্তান নিয়ে কোনোরকমে সংসার চালিয়েছি। আগে মানুষ পত্রিকা পড়ত, এখন সবাই মোবাইলে খবর দেখে। ফলে প্রতিদিন অনেক হাঁটাহাঁটি করেও আগের মতো পত্রিকা বিক্রি হয় না। বয়স বাড়ছে, তবুও জীবিকার তাগিদে প্রতিদিন ২০ থেকে ২৫ কিলোমিটার পথ হেঁটে পত্রিকা বিক্রি করতে হয়। আমার কোনো অভিযোগ নেই, শুধু চাই সম্মানের সঙ্গে বেঁচে থাকার একটি সুযোগ। এলাকার বিত্তবান ও সমাজের সহৃদয়বান মানুষ যদি আমাকে একটি ছোট্ট দোকান করে দিতে সহযোগিতা করেন, তাহলে জীবনের শেষ সময়টুকু আর ফেরি করে পত্রিকা বিক্রি করতে হবে না। আমি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।"
মতামত