উখিয়া ৬৪ বিজিবি’র অভিযানে বালুখালী সীমান্তে মালিকবিহীন ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার
সোলতান আহমদ কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত শুক্রবার (২৪ জুলাই ২০২৬) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২৪ জুলাই ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ বালুখালী বিওপি’র একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার আনজুমানপাড়া গ্রামের লালুর ঘের এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় টহল দল মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশরত তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে তাদের ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের বহন করা তিনটি পলিথিন ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ব্যাগগুলোর ভেতরে খাকী রঙের প্যাকেটে সংরক্ষিত নীল রঙের বায়ুরোধী ৬০ হাজার (৬০,০০০) পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।
ঘটনার পর পালিয়ে যাওয়া চোরাকারবারিদের গ্রেপ্তারে ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “মাদক সরবরাহকারী ও এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম দমনে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে।
মতামত