আল মুজাহিদ মল্লিকের উপস্থিতিতে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার, স্ট্যাম্পে জুয়েলের স্বাক্ষর।
মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরবাগ গ্রামের বাসিন্দা জুয়েল (পিতা: আনোয়ার হোসেন) মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন।
জানা গেছে, সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিকের উপস্থিতিতে তিনি ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে ভবিষ্যতে কোনো ধরনের মাদক ব্যবসা, মাদক সেবন কিংবা মাদক-সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত না থাকার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি সৎ ও বৈধ পথে জীবিকা নির্বাহের অঙ্গীকারও করেন।
এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, মাদকমুক্ত সোনারগাঁও গড়ে তুলতে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। যারা ভুলের পথ ছেড়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান, তাদের পুনর্বাসন ও নতুনভাবে জীবন শুরু করার ক্ষেত্রে সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, একজন মানুষকে মাদকের অন্ধকার থেকে ফিরিয়ে আনা মানে একটি পরিবারকে রক্ষা করা এবং একটি পরিবারকে রক্ষা করা মানে একটি সুন্দর সমাজ বিনির্মাণের পথে এগিয়ে যাওয়া।
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক ও ব্যক্তিগত সচেতনতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মতামত