টেকনাফ হ্নীলা গোপন অভিযানে লেদা ক্যাম্প থেকে ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ ডাকাত দেলোয়ার গ্রেফতার
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লেদা ২৪ নম্বর এপিবিএন ক্যাম্প পুলিশ ওয়ারেন্টভুক্ত এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লেদা ২৪ নম্বর ক্যাম্পের ব্লক-এ/১৪ এলাকার একটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। লেদা এপিবিএন ক্যাম্পের এসআই (নিরস্ত্র) সঞ্জিত কুমার রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুর্ধর্ষ বাঙালি ডাকাত ও ওয়ারেন্টভুক্ত আসামি মো. দেলোয়ার হোছাইন (২৩) পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ক্যাম্পে নিয়ে আসা হয়।
গ্রেফতারকৃত দেলোয়ার হোছাইন পশ্চিম লেদা এলাকার জামাল হোছনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ৭টি নিয়মিত মামলা এবং ৩টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, লেদা ২৪ নম্বর ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের ভয়ভীতি প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড, অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি, জোরপূর্বক ধর্ষণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত