মাদকবিরোধী সভার জেরে হামলার অভিযোগ, লাকসাম থানায় লিখিত অভিযোগ
রিয়াদ হোসাইন লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:- কুমিল্লার লাকসামে মাদকবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত থাকার জেরে এক ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪–৫ জনকে অভিযুক্ত করে লাকসাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী আবুল কালাম (৪৬) জানান, তিনি একজন ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে স্থানীয় সচেতন নাগরিকদের সঙ্গে মাদকবিরোধী কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১ জুলাই স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন জনগণের উপস্থিতিতে একটি মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। ওই সভার পর থেকেই অভিযুক্তরা তার ওপর ক্ষুব্ধ হয়ে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন।
লিখিত অভিযোগ অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে পূর্ব সাতবাড়িয়া গ্রামের আনোয়ারা অটো রাইস মিলের সামনে পৌঁছালে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে তার পথরোধ করেন। এ সময় তারা মাদকবিরোধী সভা আয়োজনের ক্ষোভে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং লাঠি, লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলায় আবুল কালামের বুক, পিঠ, মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে। তার বাম পায়ের হাড় ভেঙে যায় বলেও দাবি করা হয়েছে। এছাড়া একজন অভিযুক্ত তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করেন। অভিযোগের সঙ্গে হাসপাতালের চিকিৎসার কাগজও সংযুক্ত করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে লাকসাম থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।
মতামত