টেকনাফে বিজিবির অভিযানে অবৈধ কারেন্ট জালসহ সরঞ্জাম উদ্ধার, আটক ১
সোলতান আহমদ কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধি:- কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ১০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল, মৎস্য আহরণের বিভিন্ন সরঞ্জাম, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই ২০২৬ তারিখ বিকেলে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অবৈধ কারেন্ট জাল ও মৎস্য আহরণের বিভিন্ন সরঞ্জাম জাহাজপুরা ঘাটের দিকে পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে অধিনায়কের নির্দেশনায় ব্যাটালিয়ন সদর ২ নম্বর গেট সংলগ্ন সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফ থেকে জাহাজপুরা ঘাটগামী একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও মৎস্য আহরণের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশার চালক হোসেন (৩২)-কে আটক করা হয়। তিনি টেকনাফ উপজেলার জাহাজপুরা এলাকার উত্তর শিলখালীর বাসিন্দা।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১৫ হাজার ৪৫০ মিটার অবৈধ কারেন্ট জাল, ১২০ কেজি রশি, ৩০ লিটার মবিল, ৮ কেজি সেন্টার ফ্লোট, ১০০টি ফ্লোট, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৯ হাজার ১৫০ টাকা নগদ অর্থ। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ৯২ হাজার ১০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের মৎস্যসম্পদ ও পরিবেশ রক্ষায় ক্ষতিকর অবৈধ কারেন্ট জাল এবং নিষিদ্ধ মৎস্য আহরণ সরঞ্জামের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিকে এবং জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।
মতামত