মেরিন ড্রাইভ দিয়ে পাচারের চেষ্টা ব্যর্থ, বিজিবির হাতে ১৯ কেজি গাঁজা
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক ব্যবহার করে পাচারের চেষ্টা করা ১৯ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গাঁজাভর্তি কার্টন ফেলে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মেরিন ড্রাইভ সড়ক ব্যবহার করে মাদকের একটি চালান টেকনাফের দিকে পাচার হতে পারে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সী-বীচ বিওপির দায়িত্বপূর্ণ তুলাতুলি ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পরিকল্পনা অনুযায়ী, রাত আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে বিজিবির একটি আভিযানিক দল কৌশলগত অবস্থান গ্রহণ করে গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরে রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন ব্যক্তি একটি কার্টন বহন করে সন্দেহজনকভাবে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন। এ সময় মাদক বহনকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কার্টনটি ফেলে দ্রুত পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত কার্টনের ভেতর পলিথিনে মোড়ানো ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক সিজার মূল্য ৬৬ হাজার ৫০০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্ট কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত