গাইবান্ধায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
গাইবান্ধা প্রতিনিধি,মোঃ মোনারুল ইসলাম:- গাইবান্ধায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল হুদাসহ জেলার সাত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় বক্তারা বলেন, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জেলার কোনো শিশু যেন বাদ না পড়ে, সে লক্ষ্যে মাঠপর্যায়ে সর্বোচ্চ সচেতনতা ও শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সভায় জানানো হয়, এ বছর গাইবান্ধা জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩৫ হাজার ৯৯২ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১৭ হাজার ৮১২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ লক্ষ্যে জেলার সাত উপজেলা ও একটি পৌরসভায় মোট ২ হাজার ২০টি অস্থায়ী কেন্দ্র এবং ১৩টি অতিরিক্ত কেন্দ্র স্থাপন করা হয়েছে বলে সভায় জানানো হয়।
মতামত