কর্ণফুলীতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল জব্দ, জরিমানা ৩ লাখ টাকা
জামাল উদ্দীন : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, লুব অয়েল তৈরির কাঁচামাল এবং উৎপাদন সরঞ্জাম জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকার একটি কারখানায় নষ্ট ও ব্যবহৃত তেল পুনঃপ্রক্রিয়াজাত করে ভেজাল লুব অয়েল উৎপাদন করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার (২২ জুন) বিকেল ৩টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের সমন্বয়ে কারখানাটিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কারখানায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, লুব অয়েল তৈরির বিভিন্ন কাঁচামাল এবং উৎপাদনে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।
পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভেজাল লুব অয়েল উৎপাদন ও মজুদের দায়ে মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করেন। আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি কারখানাটি ১৫ দিনের জন্য সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ভেজাল লুব অয়েল, কাঁচামাল ও সরঞ্জামাদির বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”
মতামত