বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টেকনাফে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি, শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান
টেকনাফ প্রতিনিধি,আবু মুসা: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কক্সবাজারের টেকনাফে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (EU) অর্থায়নে এবং অ্যাকশনএইড বাংলাদেশের (AAB) কারিগরি সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা শেড (SHED) বাংলাদেশ ও মিয়ানমারে ‘যুব-নেতৃত্বাধীন শান্তি বিনির্মাণ ও সামাজিক সম্প্রীতি উদ্যোগ’ প্রকল্পের আওতায় বুধবার (১০ জুন) টেকনাফের হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া এবং রোহিঙ্গা ক্যাম্প-২৪ এর লেদা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির প্রথম পর্ব অনুষ্ঠিত হয় রোহিঙ্গা ক্যাম্প-২৪ এর লেদা এলাকায়। শেডের প্রতিনিধি আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং উদ্বোধন ঘোষণা করেন ক্যাম্প ইনচার্জ (CIC) কার্যালয়ের কমিউনিটি এনগেজমেন্ট অফিসার মোহাম্মদ সোহেল। এ সময় বক্তব্য রাখেন সিএমএ শাহাদুল ইসলাম, শেডের পিসবিল্ডিং প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর এরশাদুল ইসলাম, ইয়ুথ চ্যাম্পিয়ন তানজিনা মোহাম্মদ জয়া এবং রোহিঙ্গা প্রতিনিধি আব্দুর রহমান।
বক্তারা পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে এবং সামাজিক সম্প্রীতি জোরদারে যুবসমাজকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
পরবর্তীতে হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়ায় কর্মসূচির দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়নের ১, ২ ও ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রাহেমা আক্তার। অনুষ্ঠানে অংশগ্রহণকারী যুবকদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।
এ সময় যুব পিসবিল্ডাররা নিম, আম, জাম, বাদাম, পেয়ারা ও শিশু গাছসহ বিভিন্ন ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করেন। তারা সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও জনবহুল এলাকায় বৃক্ষরোপণ করে পরিবেশ সংরক্ষণে অবদান রাখেন। রাহেমা আক্তার যুবকদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
কর্মসূচিতে কাইকাই রাখাইন এডুকেশন গ্রুপের সদস্য হেমেওয়ান রাখাইন, সাগরিকা আক্তার, কাকন দাশ, পিসবিল্ডার রবিউল আলমসহ স্থানীয় ও রোহিঙ্গা সম্প্রদায়ের বিপুলসংখ্যক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। তারা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করেন।
আয়োজকরা জানান, যুব পিসবিল্ডারদের এ যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা চর্চাকে উৎসাহিত করা এবং স্থানীয় ও রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানকে আরও সুদৃঢ় করা।
অনুষ্ঠানের সমাপনী পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, সঙ্গীত ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। স্থানীয় ও রোহিঙ্গা সম্প্রদায়ের অংশগ্রহণকারীরা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান উপভোগ করেন। আয়োজকরা বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সুরক্ষা, সামাজিক সম্প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠায় ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত