জয়পুরহাটে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আদনান বহিষ্কার, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফুল
আল আমিন জয়পুরহাট প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার শূন্য পদে জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলামকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেলে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মোক্তাদুল হক আদনানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে তাকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি সংগঠনের কার্যক্রম সচল রাখতে শরিফুল ইসলামকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাদের নির্দেশনা অনুযায়ী এ আদেশ জারি করা হয়েছে।
মতামত