আদালতে শিশু রামিসার ধর্ষণ-হত্যার আসামি সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড; দ্রুত রায় কার্যকরের দাবি কর্নেল আব্দুল বাতেনের
মো. মফিদুল ইসলাম সরকার:- ঢাকা: বহুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালত আসামি সোহেল ও স্বপ্নাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এ রায়ের পর সন্তোষ প্রকাশ করে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেন (অব.) দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “শিশু রামিসার ওপর সংঘটিত নির্মম ধর্ষণ ও হত্যাকাণ্ড পুরো জাতিকে মর্মাহত করেছে। আদালতের এ রায় ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে বিচার সম্পন্ন হওয়ার পাশাপাশি দ্রুত রায় কার্যকর করাও জরুরি, যাতে অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধ সংঘটনের সাহস কেউ না পায়।
তিনি আরও বলেন, শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ প্রয়োজন। এ ধরনের অপরাধের ক্ষেত্রে দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করা হলে সমাজে ইতিবাচক বার্তা যাবে।
সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেন (অব.) নিহত শিশু রামিসার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করেন। একই সঙ্গে তিনি দেশের সব শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি বলেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে আদালতের প্রদত্ত রায় দ্রুত কার্যকর হওয়া সময়ের দাবি। জনগণও এ বিষয়ে কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করে। উল্লেখ্য, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালত আসামি সোহেল ও স্বপ্নাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এ রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারের দীর্ঘদিনের বিচার প্রত্যাশার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।
মতামত