কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে নিখোঁজের ১৬ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার
জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর মোহাম্মদ আবির (২২) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে লাইফগার্ড সদস্যরা। সোমবার সকালে নাজিরারটেক উপকূল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবির পুরান ঢাকার লালবাগ থানার শহিদনগর এলাকার ইলিয়াস মুন্সীর ছেলে। তিনি বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হন।
জানা গেছে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সী-গাল পয়েন্টে বন্ধুদের সঙ্গে সমুদ্রে গোসলে নেমে মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে সাগরের স্রোতে তলিয়ে যান আবির। লাইফগার্ড সদস্যরা একজন পর্যটককে জীবিত উদ্ধার করতে পারলেও আবির নিখোঁজ হন।
রাতভর খোঁজাখুঁজির পর সোমবার সকালে নাজিরারটেক উপকূলে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে লাইফগার্ড সদস্যরা মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠান। প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মতামত