রামুতে বেগুন ক্ষেত থেকে প্রায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার
১১ বিজিবির অভিযানে মাদক কারবারিদের বড় চালান জব্দ
মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার (টেকনাফ, কক্সবাজার)।কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীরকাটা এলাকায় একটি বেগুন ক্ষেত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ ৯৯ হাজার ৯৪০ পিস, যার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের সদস্যরা রামুর কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীরকাটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে একটি বেগুন ক্ষেতের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবার চালান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে মিয়ানমার থেকে ইয়াবার বড় বড় চালান দেশে প্রবেশ করিয়ে সংঘবদ্ধ চক্র দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। উদ্ধার হওয়া ইয়াবাগুলোও একই উদ্দেশ্যে সেখানে মজুত রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
স্থানীয় সচেতন মহল বিজিবির এ ধরনের সফল অভিযানের প্রশংসা করে বলছেন, সীমান্ত এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান প্রয়োজন। তাদের মতে, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি সীমান্ত এলাকায় টেকসই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাও জরুরি।
মতামত