বালিয়াকান্দিতে নিখোঁজের ৩ মাসেও সন্ধান মেলেনি এক যুবকের দিশেহারা পরিবার সহ বাবা-মা
আক্কাস আলী খান,রাজবাড়ী প্রতিনিধি :রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৩ মাস ধরে নিখোঁজ রয়েছে মোঃ মান্নান শেখ (২৮) নামের এক যুবক। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দিলালপুর গ্রামের মোঃ বাচ্চু শেখের ছেলে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার বাবা-মা ও স্বজনরা। এদিকে বাবাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে তার তিন বছরের ছোট্ট শিশু কন্যা মাইসা আক্তার।
পরিবার সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারী বিকেলে মান্নান শেখ বাড়ী থেকে উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে তেঁতুলিয়া বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পূর্ব বিরোধের জেরে কয়েকজন তাকে মারধর করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ ঘটনায় নিখোঁজ মান্নান শেখের বাবা মোঃ বাচ্চু শেখ বাদী হয়ে গত ২৯ এপ্রিল রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতে মামলা দায়ের করেছেন। মামলায় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দিলালপুর গ্রামের মোঃ ওয়াজেদ মোল্লা, আজিত মোল্লা, ফেরদৌস মোল্লা, বাবু মোল্লা, লালন মোল্লা, আশরাফ মোল্লা, পারভেজ মোল্লা, আসাদ মোল্লা, রবিউল মোল্লাসহ ৯জনকে আসামী করা হয়েছে।
মামলার অভিযোগে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের দ্বন্দ্ব চলছিল। তার স্ত্রীর পৈতৃক সূত্রেপ্রাপ্ত জমি বুঝে দিতে বলায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় তার ছেলে মান্নান শেখকে অপহরণ করা হয়েছে বলে দাবি পরিবারের। গত ২২ ফেব্রুয়ারী থেকে মান্নান শেখ আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়ি, হাসপাতাল ও বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করা হলেও কোন সুফল না পাওয়ায় আদালতে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি তদন্ত পুর্বক প্রতিবেদন দাখিলের জন্য বালিয়াকান্দি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বিচারক। এদিকে, নিখোঁজ মান্নান শেখের বৃদ্ধ বাবা-মা এখন ছেলেকে ফিরে পাওয়ার আশায় প্রতিদিন পথ চেয়ে আছেন। পরিবারের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে মান্নান শেখকে উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত রহস্য উদঘাটন ও যুবককে উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত