সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার: সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ
বর্তমান সময়ে দেশে সাংবাদিকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় একদিকে যেমন তথ্যপ্রবাহ সহজ হয়েছে, অন্যদিকে কিছু দুর্নীতিবাজ ও অসাধু চক্র সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ন করার নানা অপচেষ্টা চালানো হচ্ছে।
সচেতন মহলের মতে, সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের তথ্য প্রকাশ্যে আনায় অনেক অসাধু ব্যক্তি সাংবাদিকদের প্রতি ক্ষুব্ধ হয়ে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে ভুল ধারণা তৈরির চেষ্টা করছে। এতে প্রকৃত সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।
এ বিষয়ে সাংবাদিক নেতা নজরুল ইসলাম খোকন বলেন, “সাংবাদিকরা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে তাদের সম্মানহানি করার অপচেষ্টা করছে। এটি শুধু সাংবাদিক সমাজের জন্য নয়, পুরো সমাজের জন্যই উদ্বেগের বিষয়।”
তিনি আরও বলেন, “যারা দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে, তাদের কণ্ঠ রোধ করতেই এসব বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। তাই প্রশাসনের উচিত ভুয়া তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা।”
সচেতন নাগরিকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার ও মানহানিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি প্রকৃত সাংবাদিক ও হলুদ সাংবাদিকতার মধ্যে পার্থক্য নির্ণয় করে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
বিশ্লেষকদের মতে, সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য যাচাই করে মতামত প্রকাশ করা উচিত।
মতামত