নাফ নদী পাড়ি দিয়ে দেশে ঢোকার সময় ২ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত সন্দেহভাজন চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৭ এর পশ্চিম পাশে শাকের এর ঘের এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ৮টার দিকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।
এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে সন্দেহভাজনরা হাতে থাকা প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত ঘেরের ভেতরের খাল সাঁতরে গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতরে খাকী রঙের প্যাকেটে থাকা ২৯ কাট বা ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, পালিয়ে যাওয়া চোরাকারবারীদের গ্রেফতারে এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।”
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থানে থেকে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিভিন্ন সফল অভিযান পরিচালনা করে আসছে।
মতামত