টেকনাফে পুলিশের অভিযানে শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক
কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ মানবপাচারকারী হিসেবে পরিচিত শাকের মিয়া ওরফে শাকের মাঝি (৪২)কে আটক করা হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের তদারকিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরীর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযানের পর শাকের মাঝিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটক শাকের মিয়া টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুন্ডারডেইল এলাকার কবির আহমদের ছেলে। স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে মানবপাচার চক্রের অন্যতম হোতা হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, আন্দামান দ্বীপপুঞ্জে মানবপাচারের শিকার হয়ে নৌকাডুবির ঘটনায়ও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
টেকনাফ মডেল থানা সূত্রে জানা গেছে, আটক শাকের মাঝির বিরুদ্ধে মানবপাচার, মাদক, অস্ত্র ও চোরাচালানসহ মোট ১১টি মামলা রয়েছে।
আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত