টেকনাফ সাংবাদিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত, আহ্বায়ক কমিটি গঠিত
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নতুন উদ্যমে কার্যক্রম শুরু করেছে টেকনাফ সাংবাদিক সমিতি (টেসাস)। নীরবতার সেই অধ্যায় ভেঙে সংগঠনটি আবারও ফিরে পেয়েছে প্রাণচাঞ্চল্য, যেখানে এক ছাদের নিচে মিলিত হয়েছেন স্থানীয় সংবাদকর্মীদের আশা, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা।
এ উপলক্ষে শুক্রবার বিকেল ৩টায় হ্নীলা ছৈয়দুল্লাহ মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টেসাসের প্রতিষ্ঠাতা সভাপতি, সিনিয়র সাংবাদিক মমতাজুল ইসলাম মনু।
টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা ও বাহারছড়া ইউনিয়নের অন্তত ২০ জন কর্মরত সাংবাদিকের অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
সভায় সংগঠনের অতীত কার্যক্রম, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন সিনিয়র সাংবাদিক মুহাম্মদ তাহের নঈম, হুমায়ুন রশিদ, জিয়াউর রহমান জিয়া, শামশুল আলম শারেক, জসিম উদ্দিন টিপু, আমান উল্লাহ কবির, রমজান উদ্দিন পটল, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম, সৈয়দুল আমিন চৌধুরী, হেলাল উদ্দিন, সাদ্দাম হোসেন, ফরিদুল আলম, মো. শেখ রাসেল, সাইফুল ইসলাম শাকের ও আবদুল্লাহ আল সম্রাট।
বক্তারা সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য এবং নৈতিকতার ভিত্তিতে সংগঠনটিকে পুনরায় সক্রিয় ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “সময় এসেছে নতুনভাবে পথচলার। আমরা একটি সুসংগঠিত, গতিশীল ও দায়িত্বশীল সাংবাদিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই।”
সভা শেষে সর্বসম্মতিক্রমে ৩ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মমতাজুল ইসলাম মনুকে আহ্বায়ক, জসিম উদ্দিন টিপুকে যুগ্ম আহ্বায়ক এবং সৈয়দুল আমিন চৌধুরী প্রিমকে সদস্য সচিব মনোনীত করা হয়।
উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠিত টেকনাফ সাংবাদিক সমিতি একসময় স্থানীয় সাংবাদিকদের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ছিল। তবে সভাপতি ছালাহ উদ্দিনের আকস্মিক মৃত্যু এবং সময়ের ব্যবধানে নেতৃত্বের শূন্যতার কারণে সংগঠনটির কার্যক্রম ধীরে ধীরে স্থবির হয়ে পড়ে। নতুন এই উদ্যোগের মাধ্যমে সংগঠনটি আবারও সক্রিয় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
মতামত