হোয়াইক্যং চেকপোস্টে সিএনজি থেকে ৮ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক
কক্সবাজার, ২৩ এপ্রিল ২০২৬:
কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে সিএনজি থেকে ৮,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সিএনজি চালক আনোয়ারুল ইসলাম (২২)কে আটক করা হয়েছে।
আটক আনোয়ারুল ইসলাম টেকনাফ উপজেলার কানজরপাড়া গ্রামের মোঃ ইনুছের ছেলে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে হ্নীলা বাজার থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এসময় বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ ‘রকি’র সহায়তায় সিএনজির যাত্রীর সিট কভারের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় কালো কসটেপে মোড়ানো ৪টি মিনি কাটে মোট ৮,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় সিএনজি চালককে আটক করা হয় এবং মাদক পাচারে ব্যবহৃত সিএনজি ও ১২টি ব্যাটারি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি হ্নীলা বাজার থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবি জানায়, আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবা, সিএনজি এবং অন্যান্য আলামত টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি আরও জানায়, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত