মুন্সীগঞ্জে মামলার সংখ্যা বেড়ে ২১৩, শীর্ষে মাদক: আইন-শৃঙ্খলা সভায় ‘জিরো টলারেন্স’ ঘোষণা
মোঃ দুলাল সরকার গজারিয়ায় মুন্সীগঞ্জ প্রতিনিধি:- মুন্সীগঞ্জ জেলায় অপরাধ প্রবণতা বৃদ্ধির চিত্র উঠে এসেছে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায়। মার্চ ২০২৬ মাসে জেলায় মোট মামলার সংখ্যা বেড়ে ২১৩টিতে দাঁড়িয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ১০৬টি মাদকসংক্রান্ত।
রোববার (১২ এপ্রিল) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় জানানো হয়, জেলার মধ্যে বিশেষ করে সদর উপজেলায় অপরাধ প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া গত মাসে পরিচালিত ১০২টি মোবাইল কোর্টের মাধ্যমে ১২৩ জনকে দণ্ড প্রদান করা হয়েছে এবং উল্লেখযোগ্য পরিমাণ মাদক ও অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী মাদক ও কিশোর গ্যাং নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেন। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টাস্কফোর্স অভিযান জোরদার করতে হবে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে আরও সক্রিয় হতে হবে।
এছাড়া বিআরটিএকে ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি ও মোটরসাইকেলের বিরুদ্ধে জেলার প্রতিটি উপজেলায় অভিযান পরিচালনা ও মোবাইল কোর্ট চালুর নির্দেশনা দেন তিনি।
মতামত