ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত যুবক মোরশেদ; স্ত্রীর বুকফাটা আহাজারিতে ভারী পরিবেশ
রংপুর, কাউনিয়া (হারাগাছ) প্রতিনিধি:
ফেনীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত যুবক মো. মোরশেদ হোসেনের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্ত্রীর বুকফাটা আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
সোমবার (২৩ মার্চ) সকালে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরের ধুমেরপাড় এলাকায় লাশবাহী গাড়িতে থাকা স্বামীকে শেষ বিদায় জানাতে গিয়ে স্ত্রী রুনা আক্তার বারবার বলে উঠছিলেন,
“রাফার আব্বু, তোমার ওপর আমার কোনো দাবি নাই। তুমি আমারে মাফ করিয়া দিয়ো। আমি তোমারে মাফ করিয়া দিলাম...”
তাঁর এই হৃদয়বিদারক আহাজারিতে অশ্রুসিক্ত হয়ে পড়েন উপস্থিত স্বজন ও প্রতিবেশীরা।
নিহত মো. মোরশেদ হোসেন (৩৫) ধুমেরপাড় এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার বাংলামোটর এলাকায় মোটরস পার্টসের ব্যবসা করতেন।
পরিবার সূত্রে জানা যায়, রোববার (২২ মার্চ) রাতে ঈদ উদ্যাপন শেষে স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে নিজে মাইক্রোবাস চালিয়ে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা হন মোরশেদ। ভোরে ফেনীর রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে সড়কে যানজট সৃষ্টি হয়। এ সময় স্ত্রী-সন্তানকে মাইক্রোবাসে রেখে পরিস্থিতি দেখতে নিচে নামেন তিনি। ঠিক তখনই দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে জটলার ওপর উঠে গেলে ঘটনাস্থলেই মোরশেদসহ তিনজন নিহত হন।
নিহতের মা মোর্শেদা বেগম বলেন, ছোট নাতনির দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতে সমুদ্র দেখাতে কক্সবাজার যাচ্ছিলেন তাঁর ছেলে। কিন্তু সেই আনন্দযাত্রাই পরিণত হলো শোকের ঘটনায়।
প্রতিবেশী আকবর আলী জানান, মোরশেদ ছিলেন অত্যন্ত পরোপকারী। গ্রামে এলেই অসহায় মানুষদের সাহায্য করতেন এবং ধর্মীয় প্রতিষ্ঠানে দান করতেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের বড় ভাই সোহেল মিয়া বলেন, ফেনী জেনারেল হাসপাতালের মর্গ থেকে রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মরদেহ বাড়িতে আনা হয়। পরে সকাল ১০টায় ধুমেরপাড় সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে জানাজা শেষে জয় বাংলা বাজারের সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম বিরাজ করছে। স্ত্রী ও দুই কন্যাসন্তানকে নিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে রয়েছেন স্বজনরা।
মতামত