মির্জাখীল দরবার শরীফের অনুসারীদের ঈদ আজ শুক্রবার, নামাজ সম্পন্ন
সোলতান আহমদ, টেকনাফ প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী আধ্যাত্মিক কেন্দ্র মির্জাখীল দরবার শরীফ-এর অনুসারীরা আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ সম্পন্ন করেছেন। এ উপলক্ষে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার শতাধিক গ্রামে ঈদের জামাত ও আনুষঙ্গিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দরবার সূত্রে জানা যায়, সাতকানিয়া উপজেলার এই দরবার শরীফের অনুসারীরা দীর্ঘদিন ধরে হানাফি মাযহাব অনুযায়ী বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখার ভিত্তিতে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ চন্দ্র মাস-সম্পর্কিত ধর্মীয় অনুশাসন পালন করে আসছেন। প্রায় দুই শতাব্দী ধরে এ প্রথা অনুসরণ করা হচ্ছে।
উল্লেখ্য, বিশ্বের দুটি পবিত্র মসজিদ—মসজিদ আল-হারাম ও মসজিদ আল-নববী—তেও আজ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মসজিদ আল-হারামে ইমামতি করেন শায়খ উসামাহ খাইয়াত এবং মসজিদ আল-নববীতে ইমামতি করেন শায়খ ড. সালাহ আল-বুদাইর।
মির্জাখীল দরবার শরীফের প্রধান খানকাহ মাঠে অনুষ্ঠিত প্রধান ঈদের জামাতে ইমামতি করেন বর্তমান সাজ্জাদানশীন ড. মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দরবার সূত্র আরও জানায়, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার বহু গ্রামে তাদের অনুসারীরা আজ ঈদ উদযাপন করেছেন। এসব এলাকার মধ্যে রয়েছে সাতকানিয়া, চন্দনাইশ, দোহাজারী, বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়া, সীতাকুণ্ডসহ বিভিন্ন এলাকা। এ ছাড়া ফেনী, রাঙামাটি, কুমিল্লা, ঢাকা, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, চাঁদপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, চুয়াডাঙ্গা ও ভোলাসহ দেশের বিভিন্ন জেলায় এবং পার্বত্য জেলা বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন উপজেলায়ও তাদের অনুসারীরা ঈদ উদযাপন করেছেন।
ঈদ উদযাপনের বিষয়ে দরবার শরীফের পক্ষ থেকে জানানো হয়, নিকটবর্তী অঞ্চলসমূহে চাঁদ দেখার সময়ের ব্যবধান, ভৌগোলিক অবস্থান (দ্রাঘিমাংশ ও অক্ষাংশ) এবং মক্কা-মদিনাসহ আরব বিশ্বের চাঁদ দেখার নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তারা শুক্রবার ঈদ উদযাপন করেছেন, ইনশাআল্লাহ।
মতামত