মদনে প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ রাসেল আহমেদ
মদন (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার মদন উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মদন উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বুধবার (১১ মার্চ) বিকেলে মদন উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আল-মাহবোব (আল-আমিন) এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কলম ধরার পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছেন সাংবাদিকরা। তারা মদন উপজেলা প্রেসক্লাবের এমন সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে সকল মহলের সুসম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাস। এ মাসে সকল ভেদাভেদ ভুলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ একসাথে মিলিত হওয়া সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির উপদেষ্টা মির্জা রমজান আলী, সিনিয়র সহ-সভাপতি ও কাইটাইল ইউপি চেয়ারম্যান আবু তাহের আজাদ, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার, হেফাজতের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হুসাইন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, দেওয়ান সানজার ও বণিক নেতা মাহমুদুর রহমান মিঠুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের সঙ্গে নিয়ে ইফতার সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানটি মদন উপজেলার সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় পরিণত হয়।
মতামত