নরসিংদীতে বিচার চাওয়ায় কিশোরী অপহরণ ও হত্যা: মামলা, গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:
নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়াকে কেন্দ্র করে ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণের পর হত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিহতের মা বাদী হয়ে মাধবদী থানা-তে ৯ জনকে আসামি করে মামলা করেন।
একই রাতে জেলা পুলিশ ও র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর যৌথ অভিযানে মাধবদীর কোতালীরচর হোসেন বাজার এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—মো. এবাদুল্লাহ (৪০), মো. আইয়ুব (৩০), গাফফার (৩৪), মহিষাশুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য আহাম্মদ আলী দেওয়ান (৬৫) এবং তাঁর ছেলে মো. ইমরান দেওয়ান (৩২)।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, এজাহারভুক্ত পাঁচজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে মহিষাশুরা ইউনিয়নের কোতালীরচর দড়িকান্দী এলাকায় একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আমেনা আক্তার (১৫) নামে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বজন ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহতের বাবা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা। কাজের সূত্রে তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। প্রায় ১৫ দিন আগে স্থানীয় বখাটেদের দ্বারা মেয়েটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।
পরিবারের অভিযোগ, গত বুধবার রাত ৯টার দিকে মেয়েকে নিয়ে খালার বাড়িতে যাওয়ার পথে বড়ইতলা এলাকায় পৌঁছালে পাঁচ যুবক তাকে বাবার কাছ থেকে ছিনিয়ে নেয়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে পরিবার বাড়ি ফিরে যায়। পরদিন সকালে সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন খায়রুল কবির খোকন। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী যেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে সব অপরাধীকে গ্রেপ্তার করে এবং নিহতের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করে।
এ ছাড়া জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী-র সভাপতি মোসলেহ উদ্দীন ও সাধারণ সম্পাদক আমজাদ হোসাইন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নরসিংদী জেলা শাখার সভাপতি আওলাদ হোসেন জনিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা প্রতিবাদ, শোক ও নিন্দা জানিয়েছেন। তারা দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
মতামত