গণভোট নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলা বাংলাদেশের মানুষ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, জনগণের রায়ের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হবে; এর ব্যতিক্রম ঘটলে মানুষ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা ও গণইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, দেশের জনগণের অভিপ্রায়ে গণভোট পাস হয়েছে এবং এটি কোনো রাজনৈতিক দলের দয়া বা অনুগ্রহে হয়নি; এটি জনগণের সরাসরি রায়। সেই রায় নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চাইলে জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না। প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন না হলে ২০২৪ সালের মতো জনগণ আবারও রাজপথে নামবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি দাবি করেন, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার যে পরিমাণ ভোটে ক্ষমতায় এসেছে, তার চেয়েও দ্বিগুণ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। গণভোটের প্রতি অবজ্ঞা দেখানো হলে জনগণ বিএনপি সরকারকেও ছাড় দেবে না বলে সতর্ক করেন তিনি।
বিচার ও জবাবদিহির প্রশ্নে বিএনপির অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন আখতার হোসেন। তিনি বলেন, জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে এখন পর্যন্ত বিএনপি কোনো সুস্পষ্ট অবস্থান জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি। গণ-অভ্যুত্থান, গণভোট এবং জুলাই সনদের আদেশের ভিত্তিতেই বর্তমান সরকার গঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদের নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে জনগণ সরকারের পাশে থাকবে না।
তিনি আরও বলেন, বর্তমান সরকার কোনো একক রাজনৈতিক শক্তির ফসল নয়; এটি জনগণের গণ-আন্দোলন, গণভোট ও আত্মত্যাগের ফল। তাই জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে ক্ষমতা টিকিয়ে রাখা সম্ভব নয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউনিয়া উপজেলা জামায়াতের আমির আব্দুস সালাম সরকার। গণসংবর্ধনা ও গণইফতার মাহফিলে জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মতামত