ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে নবনিযুক্ত প্রশাসকদের দায়িত্ব গ্রহণ
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি: ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নবনিযুক্ত প্রশাসকরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন।
সচিবালয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর কাছে নবনিযুক্ত প্রশাসকরা তাদের যোগদানপত্র জমা দেন। পরে তারা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) থেকে জারি করা প্রজ্ঞাপনে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এ মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এ মো. আব্দুস সালাম, খুলনা সিটি কর্পোরেশন-এ নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশন-এ আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এ মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশন-এ মো. শওকত হোসেন সরকার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
নবনিযুক্ত প্রশাসকদের মাধ্যমে সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোর প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র জানায়, নগর সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে তাদের অগ্রাধিকার।
মতামত