ছেঁড়াদ্বীপে মধ্যরাতে কোস্ট গার্ডের অভিযান: ৬০০ বস্তা সিমেন্টসহ ৮ পাচারকারী আটক
জামাল উদ্দীন : কক্সবাজার জেলা প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার মধ্যরাতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে অপারেশন কোরাল দ্বীপে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ কর্তৃক ছেঁড়াদ্বীপ-এর দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ৮ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
মতামত