কিশোরগঞ্জে ভোরের দুর্ঘটনায় মসজিদের খতিবের করুণ মৃত্যু
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
কিশোরগঞ্জ শহরের জজ কোর্ট সংলগ্ন সড়কে শুক্রবার ভোরে এক মর্মান্তিক দুর্ঘটনায় মডেল থানা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কিশোরগঞ্জ সদর মডেল থানা মসজিদ-এ দীর্ঘদিন ধরে পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তিনি। ভোরের নিরিবিলি সড়কে জজ কোর্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাককে পাশ দিতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারায়। সড়কের পাশে ড্রেন নির্মাণকাজের জন্য ফেলে রাখা বালুর স্তূপে ধাক্কা লেগে যানটি উল্টে যায়। এতে ইমাম গোলাম মোস্তফা ও অটোরিকশা চালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমাম গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন; তার অবস্থাও গুরুতর বলে জানা গেছে।
নিহতের ছেলে সালমান ফারসি অভিযোগ করে বলেন, সড়কে অব্যবস্থাপনায় বালু ফেলে রাখা এবং সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বড় কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অটোরিকশা থেকে পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে।
মতামত