প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক
ফ্যামিলি কার্ড দ্রুত চালুর নির্দেশ, অর্থমন্ত্রীর নেতৃত্বে ১৫ সদস্যের কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার বৈঠকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। বৈঠকে এ বিষয়ে মন্ত্রীদের অবহিত করা হয় এবং অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী–এর নেতৃত্বে একটি উপকমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বৈঠক শেষে একাধিক মন্ত্রী গণমাধ্যমকে এসব তথ্য জানান।
বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ফ্যামিলি কার্ড দ্রুততম সময়ে বিতরণ শুরু হবে এবং ঈদের আগেই কার্যক্রম চালুর লক্ষ্য রয়েছে। কার্ড সরাসরি প্রতিটি পরিবারের নারীদের হাতে পৌঁছে দেওয়া হবে। বর্তমানে চালু থাকা ভাতা কার্ডগুলো বহাল থাকবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রদত্ত অর্থ আগের যেকোনো ভাতার তুলনায় দ্বিগুণেরও বেশি হবে।
তিনি জানান, কার্ড বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত উপকমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে। বিতরণে কোনো রাজনৈতিক প্রভাব বা মধ্যস্বত্বভোগী থাকবে না। আগামী ছয় মাসের মধ্যে অন্তত ৫০ শতাংশ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কৃষি ও খাদ্যমন্ত্রী আমিন উর রশীদ বলেন, প্রথম পর্যায়ে হতদরিদ্র নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এর মাধ্যমে মাসে ২ হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত নগদ সহায়তা দেওয়া হতে পারে। কীসের ভিত্তিতে কার্ড দেওয়া হবে—এ প্রশ্নের জবাবে তিনি জানান, প্রাথমিকভাবে কিছু নির্ধারিত এলাকায় পাইলট আকারে বিতরণ শুরু হবে। তবে প্রথম ধাপে কতজনকে দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ধাপে ধাপে সরকারের সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ফ্যামিলি কার্ড ছিল সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার। অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী পর্যায়ক্রমে দেশের সব পরিবারকে কর্মসূচির আওতায় আনা হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, নির্বাচনী ইশতেহারেই ফ্যামিলি কার্ডের বিষয়টি উল্লেখ ছিল। কর্মসূচি সর্বজনীনভাবে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রথমে অতি দরিদ্র, পরে দরিদ্র এবং পর্যায়ক্রমে মধ্যবিত্ত পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু করার বিষয়ে প্রধানমন্ত্রীর আগ্রহ রয়েছে বলেও তিনি জানান।
১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন
ফ্যামিলি কার্ড প্রদানসংক্রান্ত একটি ১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির সভাপতি করা হয়েছে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশুবিষয়ক ও সমাজকল্যাণমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, মহিলা ও শিশুবিষয়ক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহ্দী আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিববৃন্দসহ মোট ১৪ জন সদস্য।
কমিটিকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে। কার্যপরিধি অনুযায়ী, কমিটি ফ্যামিলি কার্ড বাস্তবায়নের উপযুক্ত ডিজাইন, সুবিধাভোগী নির্বাচন পদ্ধতি প্রণয়ন এবং জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউসহোল্ড ডেটাবেস আন্তঃসংযোগের মাধ্যমে ডিজিটাল এমআইএস গঠনের সুপারিশ করবে। প্রাথমিক পর্যায়ে দেশের আট বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলায় পাইলট প্রকল্প চালুর পরিকল্পনাও রয়েছে।
১৮০ দিনের মধ্যে দৃশ্যমান হবে খাল খনন কর্মসূচি
এদিকে সারা দেশে খাল খনন ও পুনঃখনন কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, ১৮০ দিনের মধ্যে কর্মসূচির উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, পানিসম্পদ, স্থানীয় সরকার, কৃষি ও দুর্যোগব্যবস্থাপনা—এই চারটি মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে। এক সপ্তাহের মধ্যে কর্মসূচি শুরুর সময়সূচি চূড়ান্ত করা হবে। দীর্ঘদিন খাল খনন কার্যক্রম বন্ধ থাকায় বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও সেচসংকট তৈরি হয়েছে উল্লেখ করে তিনি দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানান।
মতামত