শপথের পর প্রথম কর্মদিবসেই দায়িত্ব গ্রহণ
কৃষি মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলেন হাজী আমিন উর রশিদ ইয়াছিন
শপথ গ্রহণের পর আজই নতুন দায়িত্বে প্রথম কর্মদিবস পালন করলেন কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। সকালে রাজধানীর সচিবালয়ে অবস্থিত কৃষি মন্ত্রণালয়-এ উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে ব্রিফিং নেন এবং চলমান প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করেন।
প্রথম কর্মদিবসে মন্ত্রী কৃষিখাতে উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “কৃষি দেশের অর্থনীতির মূল ভিত্তি। কৃষকদের কল্যাণ ও উৎপাদন বৃদ্ধিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে।”
এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং মাঠপর্যায়ে কৃষি সেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
মতামত