ফরিদপুরে বিএনপির দুই কিংবদন্তির উত্তরসূরি কন্যার জয়, দেড় যুগের শূন্যতা পূরণ
ফরিদপুর-২ এ শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ এ চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ—প্রথমবারেই এমপি
আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:-
ফরিদপুরে বিএনপির রাজনীতির ইতিহাসে আশির দশক থেকে গত দশক পর্যন্ত সম্মুখসারির দুই কিংবদন্তি নেতা ছিলেন কে এম ওবায়দুর রহমান ও চৌধুরী কামাল ইবনে ইউসুফ। তাঁদের প্রয়াণের পর দীর্ঘদিন নেতৃত্বের যে শূন্যতা তৈরি হয়েছিল, তা দেড় যুগ পর পূরণ করলেন তাঁদেরই দুই কন্যা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন শামা ওবায়েদ ইসলাম ও চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকু ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মো. আকরাম আলী পেয়েছেন ৮৯ হাজার ৩০৫ ভোট। ভোটের ব্যবধান ৩২ হাজার ৩৮৯।
অপরদিকে ফরিদপুর-৩ (সদর) আসনে জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যাপক আব্দুত তাওয়াব পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ১১৫ ভোট। ব্যবধান ২৪ হাজার ৪৩০ ভোট। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
শামা ওবায়েদ ইসলাম: বাবার উত্তরাধিকারে সংসদে
দক্ষিণবঙ্গের সিংহপুরুষ হিসেবে খ্যাত ছিলেন কে এম ওবায়দুর রহমান। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই সক্রিয় এ নেতা তিনবার সংসদ সদস্য ও একবার বিমান ও পর্যটনমন্ত্রী ছিলেন। ১৯৮৬-৮৮ সালে দলের মহাসচিবের দায়িত্বও পালন করেন। ২০০৭ সালে তাঁর মৃত্যুর পর রাজনৈতিক উত্তরাধিকার ধরে রাখেন কন্যা শামা ওবায়েদ।
বাবার অনুপ্রেরণায় সালথা-নগরকান্দার তৃণমূল রাজনীতি থেকে কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন।
দীর্ঘ রাজনৈতিক লড়াই শেষে এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে বাবার ধানের শীষের আসন পুনরুদ্ধার করলেন।
বিজয়ের পর নগরকান্দার ঐতিহ্যবাহী বাড়িতে শুরু হয় উৎসবের আমেজ। সাংবাদিকদের তিনি বলেন,
“১৭ বছরের আন্দোলন-সংগ্রামের সফলতা পেয়েছি। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব। সালথা-নগরকান্দায় শান্তি ও ভ্রাতৃত্ব বজায় থাকবে—এটাই চাই।”
চৌধুরী নায়াব ইউসুফ: শোক পেরিয়ে রাজনীতির ময়দানে
ফরিদপুরে বিএনপির সাংগঠনিক ভিত্তি গড়ে তুলেছিলেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ। ১৯৭৯-২০১৮ পর্যন্ত সাতটি নির্বাচনে অংশ নিয়ে পাঁচবার এমপি ও তিনবার মন্ত্রী ছিলেন তিনি। ২০২০ সালের ডিসেম্বরে তাঁর মৃত্যু হলে রাজনৈতিক দায়িত্ব এসে পড়ে কন্যা নায়াব ইউসুফের ওপর।
২০১৮ সাল থেকেই বাবার সহচর হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। বাবার মৃত্যু এবং পরবর্তীতে মায়ের মৃত্যুর শোক সামলে তৃণমূলের সঙ্গে যোগাযোগ ধরে রাখেন। সমর্থকদের কাছে ধীরে ধীরে বাবার রাজনৈতিক প্রতিচ্ছবি হিসেবে গ্রহণযোগ্য হয়ে ওঠেন।
প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি বলেন,
“ফরিদপুর সদরকে বিএনপির ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করব। চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত উন্নয়নের ফরিদপুর গড়ে তুলতে সবার জন্য কাজ করব।”
ফরিদপুরে নতুন অধ্যায়
দুই কিংবদন্তি নেতার প্রয়াণের পর ফরিদপুরে বিএনপির নেতৃত্বে যে শূন্যতা ছিল, তা এবার তাঁদের উত্তরসূরি কন্যাদের হাত ধরেই পূরণ হলো বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। ফরিদপুর-২ ও ফরিদপুর-৩—দুই গুরুত্বপূর্ণ আসনে তাঁদের বিজয়কে স্থানীয় বিএনপির জন্য নতুন নেতৃত্বের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
দীর্ঘ দেড় দশক পর উত্তরাধিকারী নেতৃত্বের প্রত্যাবর্তনে ফরিদপুরে বিএনপির রাজনীতিতে শুরু হয়েছে নতুন অধ্যায়।
মতামত