টেকনাফে অবৈধ সশস্ত্র বাহিনীর গুলিতে ৫ জন গুলিবিদ্ধ,আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ দাবি
টেকনাফ প্রতিনিধি: সোলতান আহমদ।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা আলীখালী এলাকায় অবৈধ সশস্ত্র বাহিনীর গুলিতে পাঁচজন স্থানীয় বাসিন্দা গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে একদল সশস্ত্র সন্ত্রাসী এলাকায় প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ সশস্ত্র বাহিনীর তৎপরতা বেড়ে চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
গুলিবিদ্ধদের স্বজন ও এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের ধরতে অভিযান চলছে বলেও তিনি জানান।
মতামত