পঞ্চগড়ের চাকলাহাট নারায়নপুর এলাকায় বিজিবির একটি নতুন ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ১৪১ দশমিক ৭৮৭ কিলোমিটার সীমান্ত এলাকার আওতাধীন পঞ্চগড় উপজেলা সদরের চাকলাহাট ইউনিয়নের নারায়নপুর সীমান্ত এলাকায় ক্যাম্পটির কার্যক্রম শুরু হয়। বিজিবির রংপুর অঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের পিএসসি ফলক উন্মোচনের মাধ্যমে 'নারায়নপুর বিওপি'র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়কসহ বিজিবি কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।[TECHTARANGA-POST:24730] উদ্বোধন শেষে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬৬৮ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন এর আওতায় প্রায় ১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নব নির্মিত নারায়নপুর বিওপি স্থাপন করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি পাবে এবং মাদক ও অবৈধ অস্ত্র পাচার, মানব পাচার, পুশ-ইনসহ সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রমেও বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সীমান্ত নিরাপত্তা আরও আধুনিক ও কার্যকর করতে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় ড্রোন, সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট ও নাইট ভিশন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হয়েছে। শেষে সীমান্ত নিরাপত্তা গুরুত্ব তুলে ধরে স্থানীয় জনগণসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।