মরিচ্যা বিজিবির চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক।
টেকনাফ প্রতিনিধি: সোলতান আহমদ।
কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালালে ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পাচারে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

মতামত