ফ্যাসিবাদের বিলোপ ও ব্যবস্থার আমূল পরিবর্তনের আহ্বান বাসদ (মার্কসবাদী)-এর
মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধি
শুধু ক্ষমতার পালাবদল নয়, ফ্যাসিবাদের বিলোপ এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন—এমন দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক রাজনৈতিক বক্তব্যে দলটি জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে।
বক্তব্যে বলা হয়, মজলুম জননেতা মওলানা ভাসানীর রাজনৈতিক দর্শনের ধারাবাহিকতায় বাসদ (মার্কসবাদী) নির্বাচনে অংশগ্রহণ করছে। দলটির মতে, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত অন্যায়, শোষণ, নির্যাতন ও বৈষম্যের অবসান। তারা অভিযোগ করে যে, স্বাধীনতার পর থেকে শাসকগোষ্ঠী ভাসানীর গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক চিন্তার বিপরীত ধারায় রাষ্ট্র পরিচালনা করে আসছে।
বাসদ (মার্কসবাদী) দাবি করে, আওয়ামী লীগসহ ক্ষমতায় থাকা সব দলই মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। বক্তব্যে ১৯৭৫ সালের চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা ‘বাকশাল’ প্রতিষ্ঠার সমালোচনা করা হয়।
দলটি আরও বলে, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠান পঙ্গু হয়ে পড়ে এবং ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত হয়। লুটপাট, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে জনরোষ থেকেই ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়, যেখানে দেড় হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ২৫ হাজার মানুষ আহত হন বলে দাবি করা হয়।
বাসদ (মার্কসবাদী) মনে করে, আওয়ামী লীগের পতন হলেও ফ্যাসিবাদের বিলোপ ঘটেনি, কারণ ফ্যাসিবাদ কোনো একক দলের বিষয় নয়—এটি পুঁজিবাদী ব্যবস্থারই ফল। তাদের মতে, পুঁজিবাদী অর্থনৈতিক কাঠামো অক্ষুণ্ন থাকায় গণঅভ্যুত্থানের পরও সাধারণ মানুষের জীবনে কোনো মৌলিক পরিবর্তন আসেনি। মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও ধনী-গরিব বৈষম্য বেড়েই চলেছে।
বিশ্বব্যাংকের তথ্য উদ্ধৃত করে দলটি জানায়, গত চার বছরে দেশে দারিদ্র্য বেড়েছে এবং মোট সম্পদের বড় অংশ অল্প কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত। পাশাপাশি জাতীয় সম্পদ ও বন্দর বিদেশি কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার অভিযোগও করা হয়।
মৌলবাদ ও সাম্প্রদায়িকতা প্রসঙ্গে বাসদ (মার্কসবাদী) উদ্বেগ প্রকাশ করে জানায়, গণঅভ্যুত্থানের পর মাজার ভাঙচুর, সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা এবং ভিন্নমত দমনে মামলা ও গ্রেপ্তারের ঘটনা বাড়ছে।
বক্তব্যে বলা হয়, সংসদের ভেতরে শোষিত মানুষের দাবি তুলে ধরা এবং সংসদের বাইরে শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের গণআন্দোলন জোরদার করাই তাদের নির্বাচনে অংশগ্রহণের মূল লক্ষ্য। দলটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাসদ (মার্কসবাদী)-এর প্রার্থীদের কাঁচি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে।
মতামত