দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ পুলিশিং জোরদারে কিশোরগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি,
জেলা পুলিশ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা এবং পেশাদারিত্ব মূল্যায়নের অংশ হিসেবে আজ রবিবার (২৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) কিশোরগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করেন।
প্যারেডে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন। এসময় তিনি প্যারেডের সারিবদ্ধতা, সদস্যদের শারীরিক ফিটনেস, ইউনিফর্মের শৃঙ্খলা ও সামগ্রিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন কার্যক্রম শেষে পুলিশ সুপার মহোদয় প্যারেডের সার্বিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলার প্রশংসা করেন। তিনি অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, একটি দক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে শৃঙ্খলা ও পেশাদারিত্বের বিকল্প নেই।
বক্তব্যে তিনি ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ, নিয়মিত পিটি ও প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খেলাধুলার মাধ্যমে কর্মক্ষমতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে সততা ও আন্তরিকতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় কিশোরগঞ্জ পুলিশ লাইন্সের বিভিন্ন সরকারি স্থাপনা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
উক্ত মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কিশোরগঞ্জ জনাব মোঃ শরিফুল হক।
মতামত