গাজীপুর–২ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ ও নির্বাচনী আলোচনা সভা
ইমন চৌধুরী স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–২ আসনে ১০ দলীয় জোটের নির্বাচনী তৎপরতা জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সৌজন্য সাক্ষাৎ ও নির্বাচন কেন্দ্রিক পরামর্শ সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী এডভোকেট আলী নাছের খান।
সভায় নির্বাচন কৌশল, সাংগঠনিক প্রস্তুতি ও মাঠপর্যায়ের কার্যক্রম আরও সুসংহত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি জোটের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন গাজীপুর মহানগর জামায়াতের সভাপতি প্রফেসর জামাল উদ্দিন। তিনি বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন ও সুশৃঙ্খল নির্বাচন কার্যক্রমের কোনো বিকল্প নেই। এছাড়াও বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক ও এসিস্ট্যান্ট সেক্রেটারি আফজাল হোসাইন। তাঁরা নির্বাচনকালীন চ্যালেঞ্জ মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সদর মেট্রো থানা সভাপতি মাহবুব আশরাফীসহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাজীপুর মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ। তাঁরা জোটের প্রার্থীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং সম্মিলিত প্রচেষ্টায় বিজয় অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ১০ দলীয় জোট সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, জনগণের সমর্থনেই গাজীপুর–২ আসনে বিজয় নিশ্চিত হবে।

মতামত