আট মাস পেরোলেও মদনে লাহুত হত্যা মামলার চার্জশীট হয়নি
মোঃ রাসেল আহমেদ,নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মদন উপজেলার বারবুড়ি গ্রামে প্রকাশ্য দিবালোকে সংঘটিত লাহুত মিয়া হত্যাকাণ্ডের আট মাস অতিক্রান্ত হলেও এখনো মামলার চার্জশীট দাখিল করতে পারেনি মদন থানা পুলিশ। এতে ন্যায়বিচার নিয়ে হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন নিহতের পরিবার।
দীর্ঘসূত্রতা এবং জামিনে মুক্ত আসামিদের হুমকির অভিযোগ তুলে নিহতের বড় ভাই ও মামলার বাদী আবুল বায়েছ সোমবার (১৯ জানুয়ারি) নেত্রকোনা পুলিশ সুপার বরাবর একটি লিখিত আবেদন দাখিল করেছেন।
মামলার এজাহার ও আবেদন সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১১ মে পারিবারিক বিরোধের জেরে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে বারবুড়ি গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে অভিযুক্ত মানিক মিয়া লাহুত মিয়াকে পিটিয়ে বল্লম দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় অন্যান্য অভিযুক্তদের আঘাতে আশদ আলীসহ আরও কয়েকজন আহত হন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে আশদ আলী চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠলেও লাহুত মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ মে মারা যান। পরে ময়মনসিংহ কোতয়ালী থানা পুলিশের তত্ত্বাবধানে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ দাফন করা হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই আবুল বায়েছ বাদী হয়ে মদন থানায় ৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ১৭ মে ২০২৫ মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করে মদন থানা পুলিশ এবং তদন্ত কর্মকর্তা হিসেবে এসআই গোলাম রসুলকে নিয়োগ দেওয়া হয়।
পুলিশ মামলার তদন্তে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে দীর্ঘদিন চার্জশীট দাখিল না হওয়ায় প্রধান আসামি মানিক মিয়া ছাড়া অন্যান্য আসামিরা বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে জামিনে মুক্তি পান।
বাদী আবুল বায়েছ অভিযোগ করে বলেন, “চার্জশীট না থাকায় জামিনে মুক্ত আসামিরা আমাকে ও মামলার সাক্ষীদের মামলা প্রত্যাহারের জন্য প্রকাশ্যে ও পরোক্ষভাবে হুমকি দিচ্ছে। এমনকি পুলিশের পক্ষ থেকে মামলার প্রধান আসামিদের নাম বাদ দেওয়ার ইঙ্গিত দেওয়া হচ্ছে বলেও শুনছি। এতে রাজি না হওয়ায় তদন্তে ইচ্ছাকৃত বিলম্ব করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে সংঘটিত একটি হত্যাকাণ্ডের চার্জশীট দিতে আট মাস সময় নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম রসুল বলেন, “ঘটনাটি প্রকাশ্য দিবালোকে ঘটলেও মামলায় ৩৪ জন আসামি থাকায় প্রকৃতপক্ষে কার আঘাতে মৃত্যু হয়েছে তা নিরূপণে সময় লাগছে। তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই চার্জশীট দাখিল করা হবে।”
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, “হত্যা মামলায় প্রকৃত ঘটনা উদঘাটনে সময় প্রয়োজন হয়। মামলাটি তদন্তের শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই চার্জশীট দেওয়া হবে।”
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বলেন, “মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। খুব দ্রুত চার্জশীট প্রদান করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”

মতামত