অভিযোগের পাহাড়েও নীরব প্রশাসন, ভূমিখেকোদের ঈদ গাইবান্ধা সদরে
গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম
গাইবান্ধা
একাধিক তথ্যবহুল অভিযোগ ও স্থানীয়দের লিখিত-বক্তব্য দেওয়ার পরও গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের নীরব ভূমিকায় কার্যত ‘ঈদ’ উদযাপন করছে ভূমিখেকো চক্র। জেলার গাইবান্ধা সদরের বল্লাম ঝাড় মাঠের পারের উত্তর পাশে ও ৯ নং রঘুনাথপুর মৌজার এলাকায় দীর্ঘদিন ধরে রমরমা অবৈধ মাটি উত্তোলন কার্যক্রম চলছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, প্রভাবশালী একটি চক্র দিনের পর দিন কৃষিজমি ও আশপাশের এলাকা থেকে অবাধে মাটি কেটে বিক্রি করছে। এতে একদিকে যেমন ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য ও স্থানীয় বসতবাড়ির ঝুঁকি বাড়ছে। ভারী যানবাহনের চলাচলে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। অভিযোগ রয়েছে, প্রশাসনের এই নীরবতার সুযোগ নিয়েই অবৈধ মাটি উত্তোলন আরও বেপরোয়া হয়ে উঠেছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধ কাকরা ও মাটি কাটার সরঞ্জাম জব্দ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা বলেন, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে কৃষি ও পরিবেশের ক্ষতি অপূরণীয় হয়ে উঠবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত পদক্ষেপের আশাবাদ ব্যক্ত করেছেন।
মতামত