জনসেবায় পুলিশ–জনগণের সেতুবন্ধন: করিমগঞ্জ থানায় ওপেন হাউস ডে
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি,কিশোরগঞ্জ | ০৪ জানুয়ারি ২০২৬
জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন ও স্থানীয় সমস্যার দ্রুত সমাধানের উদ্দেশ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে করিমগঞ্জ থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ জানুয়ারি ২০২৬) দুপুর ৩টায় থানার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা।
মতবিনিময় সভায় পুলিশ সুপার উপস্থিত নাগরিকদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, পুলিশি সেবার মান ও সামগ্রিক সামাজিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন। আলোচনার একপর্যায়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন,
“সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। জেলা পুলিশ এ দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত।”
তিনি আরও উল্লেখ করেন, জনগণের সহযোগিতা থাকলে অপরাধ দমন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অনেক সহজ হয় এবং পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে।
এ সময় এলাকাবাসী মাদক কারবার, চাঁদাবাজি, অপরাধমূলক কর্মকাণ্ড, থানাসংশ্লিষ্ট সেবা ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার সেসব বিষয় মনোযোগসহকারে শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, জানমাল রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠাই জেলা পুলিশের প্রধান লক্ষ্য। ওপেন হাউস ডে আয়োজনের মাধ্যমে পুলিশি সেবা জনগণের আরও কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির।
মতামত