জাতীয় স্টার্টআপ পলিসি প্রণয়ন কমিটির সদস্য হলেন লালমাইয়ের ড. সাজ্জাদ এফসিএ
বাংলাদেশের স্টার্টআপ খাতকে আরও সুসংগঠিত ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে গঠিত জাতীয় স্টার্টআপ পলিসি প্রণয়ন কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লার লালমাই উপজেলার কৃতি সন্তান ড. মোস্তফা সাজ্জাদ হাসান এফসিএ, সিপিএ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন গঠিত এই জাতীয় কমিটি ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও জার্মানিসহ বিশ্বের উন্নত স্টার্টআপ ইকোসিস্টেমসমৃদ্ধ দেশগুলোর আদলে বাংলাদেশের জন্য একটি যুগোপযোগী ও কার্যকর স্টার্টআপ নীতিমালা প্রণয়নের লক্ষ্যে কাজ করবে।
ড. মোস্তফা সাজ্জাদ হাসান একজন স্বনামধন্য চাটার্ড একাউন্ট্যান্ট ও আর্থিক অপরাধ তদন্ত বিষয়ক আন্তর্জাতিক স্কলার। তিনি দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থাপনা, করনীতি, মানিলন্ডারিং প্রতিরোধ ও ফিনান্সিয়াল গভর্ন্যান্স বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণে যুক্ত রয়েছেন।
জাতীয় স্টার্টআপ পলিসি প্রণয়ন কার্যক্রমের মাধ্যমে দেশের তরুণ উদ্যোক্তাদের স্টার্টআপ প্রতিষ্ঠায় সহায়ক পরিবেশ সৃষ্টি, আত্ম-কর্মসংস্থান বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
ড. সাজ্জাদ এফসিএ’র এই অর্জনে লালমাইবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন এবং তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মতামত