কিশোরগঞ্জে ব্যবসায়ীর ১ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ প্রতারণার ফাঁদে ফেলে কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বেস্ট এলিগেন্ট এগ্রো ফিডের বিরুদ্ধে
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে মুরগির খাদ্য সরবরাহের নামে অগ্রিম টাকা গ্রহণ করে দীর্ঘদিন ধরে মালামাল না দিয়ে পরিকল্পিত প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে একটি বেসরকারি ফিড কোম্পানি ও তাদের এক সেলস অফিসারের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ ফরিদুল ইসলাম (৩৯), পিতা- ফজলুল ইসলাম, সাং- বত্রিশ, কিশোরগঞ্জ সদর। তিনি কিশোরগঞ্জ শহরের মোরগ মহালে অবস্থিত “একতা এগ্রো মেডিসিন এন্ড ফিড” নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। দীর্ঘদিন ধরে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসা এই ব্যবসায়ী প্রতারণার শিকার হয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন সহনাটি, পাছার বাজার এলাকার বাসিন্দা রাকিবুল আলম অপু (২৬), পিতা- মোঃ আব্দুল লতিফ, যিনি চট্টগ্রামভিত্তিক “বেস্ট এলিগেন্ট এগ্রো ফিড” কোম্পানিতে সেলস অফিসার পদে কর্মরত, ভুক্তভোগী ব্যবসায়ীর সঙ্গে মৌখিক চুক্তিতে জড়ান। অভিযুক্ত রাকিবুল আলম অপু কোম্পানির প্রতিনিধি পরিচয়ে ব্যবসায়ীর বিশ্বাস অর্জন করে ১ লাখ ৫০ হাজার টাকার মুরগির খাদ্য সরবরাহের প্রতিশ্রুতি দেন।
বিশ্বাসের সুযোগ নিয়ে গত ২৭ নভেম্বর ২০২৫ তারিখে ভুক্তভোগী ব্যবসায়ী ব্র্যাক ব্যাংকের মাধ্যমে অভিযুক্ত ও তার কোম্পানির অনুকূলে ১,৫০,০০০ টাকা টিটি প্রদান করেন। চুক্তি অনুযায়ী পরদিনই খাদ্য সরবরাহ করার কথা থাকলেও এক মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও একটি বস্তা খাদ্যও সরবরাহ করা হয়নি।
পরবর্তীতে বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত ও তার কোম্পানির সংশ্লিষ্টরা একের পর এক মিথ্যা আশ্বাস ও টালবাহানায় সময়ক্ষেপণ করতে থাকেন। এক পর্যায়ে চাপের মুখে একটি চেক প্রদান করা হলেও ব্যাংকে উপস্থাপন করার পর জানা যায়, চেকটিতে পর্যাপ্ত টাকা নেই। বিষয়টি অবহিত করা হলে অভিযুক্ত কোনো সদুত্তর না দিয়ে উল্টো দুর্ব্যবহার করেন এবং টাকা ফেরত দিতে সরাসরি অস্বীকৃতি জানান।
ভুক্তভোগীর অভিযোগ, তার সরলতা ও ব্যবসায়িক বিশ্বাসকে পুঁজি করে অভিযুক্ত ও সংশ্লিষ্ট কোম্পানির লোকজন পূর্বপরিকল্পিতভাবে প্রতারণার ফাঁদ তৈরি করে তার কষ্টার্জিত অর্থ আত্মসাৎ করেছে। শুধু তাই নয়, বারবার টাকা ফেরতের দাবি জানালে তাকে ক্ষতি সাধনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়, যা অত্যন্ত উদ্বেগজনক ও ভয়াবহ।
এ ঘটনায় প্রতারিত ব্যবসায়ী কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রশাসনের নিকট দ্রুত তদন্তপূর্বক অভিযুক্ত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
এদিকে স্থানীয় ব্যবসায়ী মহল এ ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড শুধু একজন ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং পুরো এলাকার ব্যবসায়িক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে ভবিষ্যতে আরও ব্যবসায়ী এ ধরনের প্রতারণার শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
স্থানীয়দের মতে, প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত ব্যবস্থা গ্রহণই পারে এ ধরনের প্রতারক চক্রের লাগাম টেনে ধরতে।
মতামত