গাইবান্ধা সদর সাদুল্লাপুর সড়ক নারায়নপুরে মোটরসাইকেল-ড্রাম ট্রাক সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর বাজারে মোটরসাইকেল ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাজির মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে গাইবান্ধা সাদুল্লাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজির মিয়া সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাকুরতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তিনি কয়েক বছর ধরে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদুল্লাপুর থেকে মোটরসাইকেল যোগে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন নাজির। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা সাদুল্লাপুরগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের জোরালো সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে বলে জানান এলাকাবাসী। তবে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বর্তমানে নিহতের মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।
মতামত