লালমাইয়ে আধুনিক বিশ্বমানের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা’র শুভ উদ্বোধন
খান মোহাম্মদ রুবেল হোসেন:
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ বাজার পুরাতন থানা সংলগ্ন এলাকায় আধুনিক বিশ্বমানের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় মাদ্রাসা মিলনায়তনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক মুফতি এহতেশামুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধন করেন লালমাই থানা অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ও প্রধান আলোচক ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা-১০ আসনের মনোনীত প্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফী। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী লালমাই উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা ইমাম হোসেন, ভূলইন উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবিএম ওমর ফারুক সুমন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ কবির হোসেন।
হাফেজ মো. আল হাসরিন রাকিব এর কোরআন তেলাওয়াত এবং মোহাম্মদ উল্লাহ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা মো: মনির হোসাইন। তিনি বলেন,
“জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান নয়—নৈতিকতা, চারিত্রিক দৃঢ়তা এবং আল্লাহভীতি প্রয়োজন। আমরা ইসলামিক মূল্যবোধ ও আধুনিক বিজ্ঞান-প্রযুক্তি শিক্ষার সমন্বয়ে জ্ঞান ও নৈতিকতায় সমৃদ্ধ প্রজন্ম গড়তে বদ্ধপরিকর।”
প্রতিষ্ঠানটি বালক ও বালিকা আবাসিক ও অনাবাসিক উভয় শাখা নিয়ে শিক্ষাকার্যক্রম শুরু করেছে। এখানে আরবি, বাংলা, ইংরেজি ভাষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর আধুনিক পাঠদান করা হবে স্মার্টবোর্ড, প্রজেক্টর ও অনলাইন লার্নিং সুবিধা সমৃদ্ধ ডিজিটাল ক্লাসরুমে। রয়েছে English Language Club, Arabic Language Club, ICT Lab, বিজ্ঞানাগার, সমৃদ্ধ পাঠাগার, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমসহ হাতের সুন্দর লেখার বিশেষ ট্রেনিং।
কুইজ, বিতর্ক, বিজ্ঞান মেলা ও খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি এবং হাফেজ শিক্ষকদের তত্ত্বাবধানে কুরআন হিফজ ও নাজেরা কোর্সের সুব্যবস্থাও করা হয়েছে। ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন তরুণ শিক্ষাবিদদের পরিচালনায় পরিচালিত এই প্রতিষ্ঠানে Lesson Plan অনুযায়ী পাঠদান, টিউটোরিয়াল, সেমিস্টার পরীক্ষা, ক্লাস টেস্ট ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা আব্দুল সালাম আশরাফী, মাওলানা আব্দুল্লাহ আল হাবিবি এবং মাইন্ড ট্রেইনার মোহাম্মদ উল্লাহ তালুকদার, যিনি শিক্ষার্থীদের মানসিকতা পরিবর্তন ও মাইন্ড রি-প্রোগ্রামিং বিষয়ে আলোচনা করেন।
শিক্ষার্থী ও শিক্ষকদের পরিবেশনায় ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড কলেজের শিক্ষা ব্যবস্থা নিয়ে নাটিকা প্রদর্শন করা হয়।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষা সচিব প্রভাষক শাহাদাত হোসাইন।
পরিচর্যা কমিটির সদস্য পশু ডাক্তার হাফেজ সাইফুল ইসলাম, আব্দুল জলিল, হাফেজ রাকিবুল ইসলাম, হিফজুর রহমান, মুফতী বিপ্লব হোসাইন, ইমরান হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
হাফেজ মাওলানা আতহার আলীর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মতামত