পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের বদলি উপলক্ষে কুমিল্লায় বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয়ের বদলি উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ নভেম্বর ২০২৫ খ্রি. বিকাল ৩টায় পুলিশ লাইন্স ড্রিলসেটের শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব রাশেদুল হক চৌধুরী সঞ্চালকের দায়িত্ব পালন করেন। বিদায়ী অতিথি ও সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
সভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ পুলিশ সুপার মহোদয়ের বর্ণাঢ্য কর্মজীবন তুলে ধরে স্মৃতিচারণ করেন। তাঁদের বক্তব্যে উঠে আসে তাঁর মানবিকতা, পেশাদারিত্ব, সততা ও নেতৃত্বগুণের নানা দিক। আবেগঘন পরিবেশে বক্তারা বলেন—বিদায়ী পুলিশ সুপার একজন “সৎ, দক্ষ, মেধাবী ও সাহসী” কর্মকর্তা হিসেবে কুমিল্লাবাসীর মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন।
বক্তারা আরও উল্লেখ করেন, দায়িত্ব পালনকালে পুলিশিং কার্যক্রমের পাশাপাশি দুর্যোগ মোকাবেলা ও জনসেবার বিভিন্ন ক্ষেত্রে তিনি যে নিষ্ঠা ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন তা সত্যিই অনুকরণীয়। তাঁর মানবিক কার্যক্রম কুমিল্লা জেলা পুলিশ ও কুমিল্লাবাসীর কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
সমাপনী বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন,
“কুমিল্লায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গৌরবের ও তৃপ্তির বিষয়। সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সাথে কাজ করার চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে আপনাদের ক্ষমা কামনা করছি।”
শেষে তিনি কুমিল্লা জেলার সর্বস্তরের জনগণ, সহকর্মী কর্মকর্তা ও ফোর্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কর্মজীবন, পরিবার ও ভবিষ্যৎ শান্তিময় হোক—এ দোয়া কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত