কুমিল্লায় ধানের শীষের নির্বাচনী সমাবেশে জনসমাগম, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নেতাদের
২০ নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪টায় কুমিল্লা নগরীর পূবালী চত্বরে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে ধানের শীষের প্রার্থীর প্রথম নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।
সমাবেশে কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন,
“আপনাদের কাছ থেকে একটি ভোট ছাড়া আর কিছু চাই না।”
তিনি আরও বলেন, ৬৩ বছরের রাজনৈতিক পথচলায় ব্রিটিশ আমল থেকে বর্তমান ফ্যাসিস্ট আমল পর্যন্ত সবসময় দল ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। তারেক রহমান তাকে মনোনয়ন দেওয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে মনিরুল হক চৌধুরী বলেন,
“আমি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি, লোক পাঠিয়েছি। খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে ১৫ বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছি। দল আমাকে সম্মান করেছে, আমি সেই সম্মান রক্ষা করবো ইনশাআল্লাহ।”
সমাবেশের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন,
“দল যাকে মনোনয়ন দিয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করতে হবে। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে এখনই মাঠে নামতে হবে।”
মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন—
কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাইমুল হক রিঙ্কু, নজরুল হক ভুঁইয়া স্বপন, আমিরুজ্জামান আমির, মোজাহিদ চৌধুরীসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
সমাবেশে নেতারা ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করতে ভূমিকা রাখার আহ্বান জানান।


মতামত